২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিমানের ই-টিকিট চালু

সিলেটে বৃহস্পতিবার থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে চালু হয়েছে ই-টিকিট পদ্ধতি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 11:37 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

সিলেটে আইএটিএ অনুমোদিত ১৮টি ট্রাভেল এজেন্সি নতুন এই পদ্ধতির মাধ্যমে যাত্রীদের চাহিদামাফিক বিমানের টিকিট বুকিং দিতে পারবে।

এয়ারলাইন্স রিজার্ভেশন সিস্টেম গ্যালিলিও-র কারিগরি সহায়তায় গত ২০ এপ্রিল রাজধানী ঢাকার ট্রাভেল এজেন্সিগুলোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-টিকেটিং শুরু হয়।

সিলেটে এ পদ্ধতি বৃহস্পতিবার শুরু হল। এর ফলে বিমানযাত্রীরা প্রচলিত কাগজের ছাপানো টিকিটের পরিবর্তে একটি এসটিডি প্রিন্ট আউট পাবেন।

বিমানবন্দরে গিয়ে যাত্রীরা এই প্রিন্ট আউট দেখালেই বোর্ডিং পাস পেয়ে যাবেন। কোন যাত্রী ওই প্রিন্ট আউটটি হারিয়ে ফেললেও সমস্যায় পড়বেন না। বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাকে যাত্রার রুট এবং ট্রাভেল এজেন্সির নাম বললেই তিনি ই-টিকিটটির নতুন প্রিন্ট আউট পেয়ে যাবেন।

আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলো ইন্টারনেটের মাধ্যমে বিমানের আসন সংরক্ষণ, স্বয়ংক্রিয় প্রিন্টারে টিকিট ইস্যু ও বিক্রয় প্রতিবেদন তৈরি করতে পারবেন।