রাজধানীর মিরপুরে ডাকাতি
রাজধানীর মিরপুরে বুধবার ভোরে সশস্ত্র ডাকাতরা জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করেছে।
লুটকরা মালামালের মধ্যে আছে নগদ ৬৬ হাজার টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম।
মিরপুর থানা পুলিশ জানায়, ভোর চারটার দিকে ১৫/২ দক্ষিণ পীরেরবাগের মৃত আহসানউল্লাহর বাড়ির গ্রিল কেটে ৭/৮ জন সশস্ত্র ডাকাত ভেতরে ঢোকে। তারা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে রেখে মালামাল লুট করে পাঁচটার দিকে পালিয়ে যায়।
মিরপুর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক বাদশা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে গৃহকর্ত্রী ফরহাদ বানু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
