২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরার সাবেক সাংসদ সালাউদ্দিনের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজি মামলা

ঢাকা-৪ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ১০ লাখ টাকার নতুন চাঁদাবাজির মামলাটি নিয়ে তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা দায়ের হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

মঙ্গলবার রাতে শ্যামপুর থানায় সালাউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি করেন শহীদুল হক শাহীন নামে এক ঠিকাদার। এতে আসামি করা হয়েছে তার ছেলে এমরান আহমেদকেও।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শ্যামপুর থানায় মামলাটি দায়ের হয়।

এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০০৪ সালে শহীদুল হকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে সালাউদ্দিন আহমেদ ও এমরান আহমেদ। টাকা না দিলে বাদীর প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। হুমকিতে ভীত শহীদুল হক ওই বছরের ১৯ এপ্রিল সাত লাখ টাকা চাঁদা দেন।

গত ১২ জানুয়ারি সালাউদ্দিন আহমেদ ঢাকা মুখ্য মহানগর অদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে এর আগ পর্যন্ত যাত্রাবাড়ি, শ্যামপুরসহ বিভিন্ন থানায় প্রতারণা, চাঁদাবাজি, অস্ত্র, জমি দখলসহ মোট ১২টি মামলা দায়ের হয়।