২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর উদ্যোগ

শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা শতকরা ৪০ ভাগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 02:35 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডা. আবুল কালাম মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্মানী ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। খুব শিগগিরই বর্ধিত ভাতা কার্যকর করা যাবে বলে আমি আশাবাদী।”

মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে সাত হাজার ২৫৩ মুক্তিযোদ্ধা পরিবার সম্মানী ভাতা নিচ্ছেন। সাত বীর শ্রেষ্ঠ এর পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার এ হিসাবে অন্তর্ভুক্ত। সম্মানী ভাতা শতকরা ৪০ ভাগ হারে বাড়ানো হলে সরকারের ব্যয় বাড়বে চার কোটি ৫২ লাখ ২২ হাজার ৮০ টাকা। এখন এ খাতে সরকারকে ব্যয় করতে হচ্ছে ১৮ কোটি ১৯ লাখ টাকা।

মন্ত্রণালয়ের প্রস্তাবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আঘাতের ওপর ভিত্তি করে ছয় ভাগে ভাগ করা হয়েছে।

শরীরের ৯৬ থেকে একশ’ ভাগ পঙ্গু হয়ে গেছে-এ ধরনের মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে ১৮ জন। এদের রাখা হয়েছে ‘এ’ শ্রেণিতে। এখন এ মুক্তিযোদ্ধারা প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা করে পাচ্ছেন। নতুন প্রস্তাবে তাদের ভাতা দাঁড়াবে ১১ হাজার টাকা।

শতকরা ৮১ থেকে ৯৫ ভাগ পর্যন্ত পঙ্গু হয়েছে-এ ধরনের মুক্তিযোদ্ধাদের ‘বি’ শ্রেণিতে রাখা হয়েছে। এ শ্রেণির ১৪ মুক্তিযোদ্ধা এখন ভাতা পাচ্ছেন পাঁচ হাজার টাকা করে। নতুন প্রস্তাবে তারা পাবেন সাড়ে সাত হাজার টাকা।

‘সি’ শ্রেণিতে রাখা হয়েছে যাদের পঙ্গুত্বের পরিমাণ ৬১ থেকে ৮০ ভাগ। এদের সংখ্যা ১২৫। বর্তমানে প্রতিজন মাসে পাচ্ছেন তিন হাজার টাকা। ভাতা বাড়ানো হলে পাবেন চার হাজার ৭০৭ টাকা।

শরীরের ৪১ থেকে ৬০ ভাগ পর্যন্ত পঙ্গু হয়েছে-‘ডি’ শ্রেণিভুক্ত এমন মুক্তিযোদ্ধার সংখ্যা ২৪৫। প্রতি মাসে এরা পাচ্ছেন আড়াই হাজার টাকা। নতুন প্রস্তাবে পাবেন চার হাজার টাকা।

‘ই’ শ্রেণিতে আছেন যাদের পঙ্গুত্বের পরিমাণ শতকরা ২০ থেকে ৪০ ভাগ। এরা সংখ্যায় হচ্ছেন এক হাজার ১০৭ জন। প্রতি মাসে পাচ্ছেন দুই হাজার টাকা করে। ভাতা বাড়ানো হলে পাবেন তিন হাজার তিনশ’ টাকা।

শতকরা এক থেকে ১৯ ভাগ পর্যন্ত পঙ্গু হয়েছেন, এমন তিন হাজার দুইশ’ মুক্তিযোদ্ধাকে রাখা হয়েছে ‘এফ’ শ্রেণিতে। এরা প্রতি মাসে পাচ্ছেন ছয়শ’ টাকা। প্রস্তাব অনুমোদিত হলে পাবেন ৮৪০ টাকা।

ভাতাভোগী শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংখ্যা এখন দুই হাজার ১৮৩। পরিবারগুলো প্রতিমাসে পাচ্ছে দুই হাজার একশ’ টাকা করে। নতুন প্রস্তাবে পাবে তিন হাজার ৪৪০ টাকা।

ভাতাভোগী মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সংখ্যা ৩৫৩। এরা মাসে পাচ্ছেন দুই হাজার টাকা করে। ভাতা বাড়লে পাবেন তিন হাজার তিনশ’ টাকা।

এছাড়া সাত বীর শ্রেষ্ঠ এর পরিবার ও তারামন বিবি প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে পাচ্ছেন। ভাতা বাড়লে পাবেন সাত হাজার টাকা।