২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ফেরি আটকে হাজারো মানুষের ভোগান্তি

কালবৈশাখী ঝড়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আরিচা-দৌলতদিয়ায় চলাচলকারী তিনটি ফেরি আটকা পড়ে। উভয়পাড়ে কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির বহর আটকে থাকায় যাত্রীরা পড়েন ভোগান্তিতে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 12:16 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া দক্ষিণাঞ্চালগামী দিনের গাড়িগুলোর জট বেঁধে যায়। ঊভয় দিক থেকে ছেড়ে যাওয়া রাতের গাড়িগুলো এলে যানজট আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে ধারণা করছেন ঘটনাস্থল থেকে খবর পাঠানো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জাহাঙ্গীর কবির জুয়েল।

সন্ধ্যা ৭টায় প্রচণ্ড বাতাসে ‘কেরামত আলী’ নামের ফেরিটি দৌলতদিয়া ঘাটের কাছে এসে আবার ঘুরে যায় এবং চরে আটকা পড়ে। ফেরিতে ছিল বাস এবং ট্রাক। রাত সাড়ে এগারোটার দিকে এটি চালু করা হয়।

আটকা পড়া আরেকটি ফেরি হচ্ছে খান জাহান আলী। এটি আটকা পড়ে কাজিরহাট থেকে তিন কিলোমিটার ভাটিতে। এ ফেরিতে আছে শুধু ট্রাক।

ঝড়ে কাজীরহাট ঘাটের পন্টুনটি প্রায় ৬ কিলোমিটার ভাটিতে ভেসে গেছে। এ কারণে পাটুরিয়া-কাজিরহাট নৌ যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। রাতের ভেতর তা চালু করা সম্ভব নাও হতে পারে।

প্রবল বাতাসে দৌলতদিয়া ঘাটও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকে থাকা ফেরিটি উদ্ধারের কাজ চলছে। তবে রাতের মধ্যে সেটি উদ্ধার করা নাও যেতে পারে।