ভিওআইপি বিরোধী অভিযান জোরদার করবে র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ঢাকাসহ সারা দেশে ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসা বিরোধী অভিযান আরো জোরদার করবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে আয়োজিত এক কর্মশালায় র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দোকার সাংবাদিকদের এ কথা বলেন।
কর্মশালায় র্যাবের মোট ১২ টি ব্যাটালিয়নের শতাধিক কর্মকর্তাকে ভিওআইপি বিরোধী অভিযানে আরো দক্ষ করে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় অন্যদের মধ্যে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক লেফটেনেন্ট কর্ণেল গুলজারউদ্দিন, গোয়েন্দা শাখার প্রধান কর্ণেল আসিফ আহম্মেদ আনসারী, মেজর শামসুজ্জোহা এবং বিটিটিবি ও বিটিআরসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক সাংবাদিকদের জানান, র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা ২০০৬ সালের নভেম্বর মাস থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার ব্যাপারে গোয়েন্দা কার্যক্রম ও তদন্ত শুরু করে। বাজারে প্রচলিত বিভিন্ন প্রতিষ্ঠানের কলিং কার্ডের সূত্র ধরে এসব প্রতিষ্ঠান এবং ভিওআইপি স্থাপনা চিহ্নিত করা হয়।
প্রাথমিক অনুসন্ধান শেষে একই বছরের ২৬ ডিসেম্বর থেকে র্যাব সারা দেশে অবৈধ ভিওআইপি ব্যবসা বিরোধী অভিযান শুরু করে। এ পর্যন্ত কমপক্ষে ২২ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি স্থাপনা বন্ধ এবং বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সরঞ্জামের মোট দাম প্রায় একশ’ কোটি টাকা।
ডিসেম্বরে ভিওআইপি বিরোধী অভিযান শুরুর পর এখন পর্যন্ত বিটিটিবির মোট ৬০০ কোটি টাকা রাজস্ব আয় বেড়েছে এবং প্রতিদিন পাঁচ থেকে নয় কোটি টাকা আয় বাড়ছে বলেও র্যাব মহাপরিচালক দাবি করেন।
অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত বেসরকারি মোবাইল টেলিফোন অপারেটর কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, অবৈধ এ ব্যবসায় জড়িত যে কোন কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক প্রকৌশলী হারিছুজ্জামান বলেন, ভিওআইপি ব্যবসার অনুমতি দেওয়ার ব্যাপারটি বিটিআরসি সক্রিয়ভাবে বিবেচনা করছে।
