২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার নয়, নিজের অধিকার নিয়ে ভাবছেন উপদেষ্টা গীতিআরা

শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বলেছেন, এই মুহূর্তে তিনি মানবাধিকার নিয়ে ভাবছেন না, ভাবছেন নিজের অধিকার নিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 02:08 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে ১৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমি এখন মানবাধিকার নিয়ে ভাবছি না। নিজের অধিকার নিয়ে ভাবছি।”

তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার সরকারি সিদ্ধান্তে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে আমি মনে করি না। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর আইন মন্ত্রণালয় এর ব্যাখ্যা দেবে।”

সরকারের এ সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় লেখালেখি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যাদের ইচ্ছা তারা লিখতে পারেন। আমরা এতে হস্তক্ষেপ করবো না। আর কী লেখা হলো, কী হলো না, তাতে সরকারের কোনও মাথাব্যথা নেই।”

তিনি দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার বেশ ভালোভাবে দেশ চালাচ্ছে।