বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ চার বিশ্ববিদ্যালয়ে শীর্ষ পদ শূন্য
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ বিভিন্ন মেয়াদে শূন্য রয়েছে। এ কারণে ব্যহত হচ্ছে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। এমনকি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধ আছে ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের মেয়াদ ১৫ এপ্রিল শেষ হয়ে গেছে। এরপর চেয়ারম্যান পদে নিয়োগের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক উপাচার্যের নাম শোনা গেলেও রোববার পর্যন্ত কেউ দায়িত্ব পাননি। কমিশনের সদস্য অধ্যাপক এম মাহবুব উল্লাহ চেয়ারম্যানের কাজগুলো সাময়িকভাবে দেখভাল করছেন।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উচাপার্য অধ্যাপক খলিলুর রহমান পদত্যাগ করেন ১২ মার্চ। প্রথম দিকে এ খবর বিশ্ববিদ্যালয়ের কমকর্তা-কর্মচারীরা জানতেন না। সাত আটদিন পর তিনি পদত্যাগপত্র ফ্যাক্সে পাঠিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে।
সেখানেও নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি।
রেজিস্ট্রার অধ্যাপক আবদুল বাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উচাপার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের বহুমুখী সমস্যা হচ্ছে। আটকে আছে কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন। অর্থনৈতিক বিষয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া যাচ্ছে না। কার্যকর হচ্ছে না আগের সিদ্ধান্তগুলোও।
এছাড়া ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম থমকে আছে। ভর্তির দায়িত্ব পালন করেন অনুষদের ডিন। এ বিশ্ববিদ্যালয়ে কোনো অধ্যাপক না থাকায় উপাচার্য খলিলুর রহমান ডিনের দায়িত্ব পালন করতেন। উপাচার্য না থাকায় তাই ভর্তির প্রক্রিয়া আপাতত বন্ধ আছে। মার্চের প্রথম সপ্তাহে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলেও এখনও পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়নি।
দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোতাহার হোসেন মণ্ডল ৯ এপ্রিল পদত্যাগ করেন। এরপর থেকে মন্ত্রণালয়ের নির্দেশে অধ্যাপক রুহুল আমিন দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী। এই পদ শূন্য থাকায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই সাত মাস। সাবেক উপাচার্য অধ্যাপক এহসানুল হক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসাবে নিয়োগ পাওয়ার পর ড. মো. নওশের আলী গত বছরের ২৮ আগস্ট থেকে অস্থায়ী দায়িত্ব পালন করছেন।
ড. মো. নওশের আলী বলেন, “আমি এখন অতিরিক্ত দায়িত্বে রয়েছি। এখনো কাউকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়নি।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই এক মাসেরও বেশি সময় ধরে। ১৫ মার্চ সাবেক উপাচার্য অধ্যাপক এরশাদুল বারী পদত্যাগ করেন। অধ্যাপক ড. ফরিদ আহমেদ সেই থেকে সাময়িক দায়িত্বে আছেন।
মঞ্জুরি কমিশনের এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষককে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে প্রস্তাব দেওয়া হলেও তারা রাজি হননি। এছাড়া হাজী দানেশ বিশ্ববিদ্যালয় থেকে তিনজনের নাম পাঠানো হলেও সরকার তাদের নিয়োগ দিতে রাজি নয়।
ওদিকে ১৫টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগে চ্যান্সেলরের অনুমোদন নেই বলে মঞ্জুরি কমিশন সূত্র জানিয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে ট্রাস্টি বোর্ড উপাচার্য পদে নিয়োগের জন্য তিনজনের নাম চ্যান্সেলরের কাছে পাঠায়। সেখান থেকে একজনকে নিয়োগ দেন চ্যান্সেলর।
