২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কালবৈশাখী

কালবৈশাখী ঝড়ে রাজধানীতে বিলবোর্ড ভেঙ্গে পড়েছে। পড়ে গেছে বৈদ্যুতিক খুটি। টানা প্রায় তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 10:12 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার বিকালে রাজধানীর ওপর কালবৈশাখী বয়ে যায়। ৬টা পর্যন্ত রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় ৩০ কিলোমিটার বেগে বয়ে যায় দমকা হাওয়া।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ছাড়াও রোববার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ৫৪ মিলিমিটার।

রোববার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি শুরু হওয়ার পরপর তাপমাত্রা কমে আসে।

বিকাল ৫টার পর থেকেই শুরু হয় থেমে থেমে বৃষ্টি। বৈশাখের শেষ বিকালের বৃষ্টির পানিতে ছাপিয়ে যায় রাজধানীর পথ ঘাট। অনেক রাস্তাতেই পানি জমে গেছে।

বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যানজটের সৃষ্টি হয়। কাওরানাবাজারসহ রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টির মধ্যে যানজটে আটকা পড়েন পথচারীরা। শাহবাগ শেরাটন হোটেলের সামনে, রামপুরা, মৌচাক, মিরপুর দশ নম্বব, ধানমন্ডির বিভিন্ন সড়ক, শেওরাপাড়াসহ পুরনো ঢাকার বিভিন্ন গলিতে পানি জমে যায়।

একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা আমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে তার মহাখালির অফিস থেকে শাহবাগের শেরাটন হোটেল পর্যন্ত এটঘণ্টা লেগেছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তিনি সোনারগাঁও হোটেলের সামনে যানজটে আটকে পড়েন। হোটেলর সামনের ফুটপাত বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল বলে তিনি জানান।

কাওরান বাজারের সার্ক ফোয়ারার সামনে একটি বিলবোর্ড ভেঙ্গে পড়ে। একটি বৈদ্যুতিক খুটিও পড়ে যায়।

আবহাওয়া অধিপ্তরের মূখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হয়েছে। এতে বৃষ্টিই বেশি হচ্ছে। বাতাসের বেগ খুব একটা বেশি না।”

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় এ ধরনের বৃষ্টিপাত হতে পারে।