২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বাজেটে ভোগ্যপণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করা হবে: এনবিআর চেয়ারম্যান

আগামী বাজেটে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু ভোগ্যপণ্যের শুল্ক কমানোর বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রিজ আয়োজিত এক মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান বদিউর রহমান রোববার এ কথা জানান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 10:05 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সভায় উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রিজের (সিসিসিআই) পরিচালক, চট্টগ্রামের শিল্পপতি ও ব্যবসায়ীরা।

এনবিআর চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে চাল ও ডাল আমদানির ক্ষেত্রে শুল্ক রেয়াত দেওয়া হয়েছে। গুড়ো দুধসহ আরো বেশ কয়েকটি ভোগ্যপণের শুল্ক কমানোর প্রস্তাব করা হবে। কৃষি ও কৃষি সংশ্লিষ্ট শিল্পে সুযোগ সুবিধা বাড়ানোরও প্রস্তাব করা হবে। তবে এক্ষেত্রে মধ্যসত্ত্বভোগীরা কতটুকু পাচ্ছে তাও যাচাই করতে হবে।

সভায় চট্টগ্রামের শিল্পপতি ও ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যানের কাছে ২১টি প্রস্তাবনা তুলে ধরে আগামী বাজেটে তা বাস্তবায়নের আহবান জানান।

চেম্বার পরিচালক ও ব্যবসায়ীদের নানা প্রস্তাব এবং কাস্টমস ও কর সংক্রান্ত হয়রানি ও অভিযোগের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, শুল্ক কর্মকর্তাদের অবাধ স্বাধীনতা ও স্বেচ্ছাচার কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন এনবিআর সদস্য (আয়কর নীতি) আলী আহমদ, সদস্য (মূসক) মোহাম্মদ আলম, চট্টগ্রাম কাস্টমস কমিশনার মো. ফরিদ উদ্দিন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ লতিফ, প্রকৌশলী আলী আহমদ, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি এম এ ছালাম প্রমুখ।