রাজধানীর কচুক্ষেত বস্তিতে আগুন
রাজধানীর মিরপুর-পল্লবীর কচুক্ষেত বস্তিতে বৃহস্পতিবার সকালে আগুনে পুড়ে গেছে প্রায় শতাধিক ঘর। এ সময় আহত হয়েছেন একজন। আগুনে পাঁচ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী।
আহত আব্দুল লতিফকে (৩৫) মিরপুরের আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল বাহিনীর সাব অফিসার সেলিনা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১ টার দিকে কচুক্ষেত বস্তির একটি ঘরের চুলার আগুন থেকে আগুন ধরে যায়। পরে তা আশপাশের ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।
মিরপুর, কুর্মিটোলা, মোহাম্মদপুরসহ প্রধান কার্যালয় থেকে দমকল বাহিনীর মোট সাতটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সেলিনা চৌধুরী জানান, আগুনে শতাধিক কাঁচাঘর পুড়ে গেছে। ক্ষতি হয়েছে পাঁচ লাখ টাকারও বেশি।
