রংপুর ও দিনাজপুর অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ
বৃহত্তর রংপুর এবং দিনাজপুর অঞ্চলের দুটি রুটে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সেখানে ট্রেন বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম-উলিপুর, লালমনিরহাট-বুড়িমারী সেকশনে ট্রেনের বগি লাইনচুত হয়।
রেলওয়ে কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার মধ্যরাতের পর এসব রুটে ট্রেন চলাচল আবার শুরু হতে পারে।
এর আগে সোমবার রাতে মঙ্গলপুর-সেতাবগঞ্জ (দিনাজপুর) সেকশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় দীর্ঘ সময় বন্ধ থাকে পার্বতীপুর-পঞ্চগড় রুটে যোগাযোগ। মঙ্গলবার দুপুরে এই রুটে চলাচল স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে বিভাগের লালমনিরহাটের ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট সৈয়দ জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী সেকশনের নামুড়ীতে ৫৫৬ ডাউন যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি বুড়িমারী থেকে লালমনিরহাট যাচ্ছিল। বগিগুলো রাত ১০টা পর্যন্ত উদ্ধার যায়নি।
এছাড়া কুড়িগ্রাম-উলিপুর রেলওয়ে সেকশনের মধ্যবর্তী স্থানে একটি যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ৪২২ ডাউন যাত্রীবাহী ট্রেনটি পার্বতীপুর থেকে রমনা বাজার যাচ্ছিল। এই বগিগুলোও রাত ১০টা পর্যন্ত উদ্ধার করা হয়নি।
লালমনিরহাট ডিভিশনের চিফ ট্রেন কন্ট্রোলার সাজ্জাদ হোসেন জানান, সোমবার বিকেলে পার্বতীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা ৪৩২ ডাউন ট্রেনের দুইটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। মঙ্গলপুর ও সেতাবগঞ্জের মাঝামাঝি মোল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বগিগুলো অপসারণ করার পর মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এ ব্যাপারে ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট সৈয়দ জহুরুল ইসলাম জানান, রেল লাইনের ট্র্র্যাক অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এ কারণে প্রতিনিয়ত ট্রেন লাইনচ্যুত হচ্ছে। শিগগির এসব সেকশনের কাজ করা না হলে আগামী বর্ষা মৌসুমে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, নামুড়ী ও উলিপুরের লাইনচ্যুত ট্রেন দুটি উদ্ধারের জন্য পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন আনা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার মধ্যে এই দুই লাইনের উদ্ধার কাজ পুরোপুরি শেষ হবে বলেও তিনি জানান।
