জকিগঞ্জ পৌরসভা চেয়ারম্যানকে গ্রেপ্তার
সিলেটের জকিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ইকবাল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর অন্যতম ঘনিষ্ঠজন।
সোমবার মধ্যরাতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে থানা পুলিশ তার আইদ্রাবন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকাল ১০ টায় তাকে জকিগঞ্জ উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে বেলা ২ টায় তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কাজ চলছে।
