কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ডাকাতের গুলিবিনিময়, ১০ ডাকাত গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সোমবার রাতে পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ এসময় ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, বাগোয়ান গ্রামের একটি বাঁশ বাগানে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ রাত আড়াইটার দিকে সেখানে উপস্থিত হয়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষে ১৫ থেকে ২০ রাউন্ড গুলিবিনিময় হয় বলে গ্রামবাসী জানিয়েছে। তবে পুলিশ ৮ রাউন্ড গুলি ছোঁড়ার কথা স্বীকার করেছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ১০ ডাকাতকে গ্রেপ্তার করে, বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাবুল (২৮), নুরু (২৫), সদর (২৬), মিজান (৩০), বাবু (৩০), হাবিব (২২), উজ্জল (২৭), খায়রুল (৩২), ফুলচাঁদ (২১) ও আবুল (৩৪)।
এ ব্যাপারে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
