খালেদা জিয়ার দেশ ছাড়া প্রসঙ্গে আমার মতামত চাওয়া হয়নি: মইনুল
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দেশ ছেড়ে যাওয়া প্রসঙ্গে আইন উপদেষ্টার কাছে কোনও মতামত জানতে চাওয়া হয়নি।
মঙ্গলবার সকালে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমি সকালে পত্রিকা দেখে জেনেছি। তবে এই নিয়ে এখন পর্যন্ত আমার কাছে কোনও মতামত চাওয়া হয়নি। তাই এই মুহূর্তে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয়।”
অবশ্য বিস্তারিত জানতে যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আব্দুল মতিন ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন আইন উপদেষ্টা।
শেখ হাসিনা দেশে ফিরলে সরকারের ভূমিকা কী হবে সে বিষয়েও আইন উপদেষ্টা কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, “তার(শেখ হাসিনা) বিরুদ্ধে মামলা রয়েছে।”
রোববার মধ্যরাতের পর ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসা থেকে আরাফাত রহমান কোকোকে আটক করে নিয়ে যায় যৌথবাহিনী। তবে ২৪ ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।
একই বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় গত ৭ মার্চ।
