২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২২ এপ্রিল

চাঁদাবাজি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ২২ এপ্রিল পুনঃনির্ধারিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 12:30 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

মঙ্গলবার সকালে তারেকের আইনজীবীরা আদালতের কাছে সময় প্রার্থনা করেন। ঢাকার দ্রুত বিচার মহানগর হাকিম মো. আবদুর রউফ খান সে আবেদন মঞ্জুর করে ২২ এপ্রিল পুনরায় শুনানির দিন ধার্য করেন।

আদালতে তারেকের আইনজীবীরা দুইটি দরখাস্ত জমা দেন। একটি দরখাস্তে অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করা হয়।

সে আবেদনে বলা হয়, চাঁদাবাজি মামলা খারিজে হাইকোর্টে কোয়াশমেন্ট পিটিশন দাখিল করে সোমবার শুনানি হয়েছে। মঙ্গলবার বিকেলে আদেশের জন্য দিন ধার্য করা হয়। সে আদেশটি রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষ এবং আদালতকে দেখতে হবে। এ কারণে অভিযোগ গঠনের জন্য সময় দেওয়া প্রয়োজন।

অপর আবেদনে কারা বিধির ৯১০ ধারা অনুযায়ী তারেক রহমানকে ডিভিশন দেওয়ার অনুরোধ জানানো হয়।

অবশ্য হাকিম মো. আবদুর রউফ খান ওই আবেদন নামঞ্জুর করেন। তিনি বলেন, যেহেতু এর আগে এ বিষয়ে দরখাস্ত দেওয়া হয়েছিল এবং আদেশও দেওয়া হয়েছিল। সুতরাং নতুন করে তা বিবেচনা করা গেল না।

শুনানিতে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান মঙ্গলবার এজলাসে উপস্থিত ছিলেন। তবে তারেক রহমানকে আদালতে হাজির করা হয়নি।

গত ৫ এপ্রিল দ্রুত বিচার মহানগর হাকিম মো. আবদুর রউফ ১৭ এপ্রিল অভিযোগ গঠনের দিন ধার্য করেছিলেন।

এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে ৮ মার্চ আমিন আহম্মেদ ভূঁইয়া নামে একজন ঠিকাদার গুলশান থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।

যৌথবাহিনীর সদস্যরা ৭ মার্চ রাতে খালেদা জিয়ার মঈনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে। পরদিন আমিন আহম্মেদ ভূঁইয়া গুলশান থানায় তারেকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলাটি করেন।

এজাহারে বলা হয়, তারেক রহমান ৪ জানুয়ারি বাদীকে হাওয়া ভবনে ডেকে নিয়ে এক কোটি টাকা দাবি করেন। ভয় পেয়ে বাদী এক কোটি টাকা দিতে রাজি হন।

এরপর আমিন আহম্মেদ ভূঁইয়া তার বন্ধু ক্যাপ্টেন সবুরকে(অব.) সঙ্গে নিয়ে এক কোটি টাকার একটি ব্যাংক চেক দিতে তারেক রহমানের কাছে যান। কিন্তু তারেক নগদ টাকা দাবি করেন। পরে বাদীর ভাই ফারুখ আহম্মেদ দুটি ব্রিফকেসে করে এক কোটি টাকা হাওয়া ভবনে গিয়ে তারেকের সহযোগী অপুর কাছে দিয়ে আসেন। পরদিন তারেক টাকা পেয়েছেন বলে তাকে জানান।

আমিন আহম্মেদ ভূঁইয়া সদ্য বাতিল হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (চাটখিল) আসনে বিএনপিদলীয় প্রার্থী ছিলেন। তিনি গুলশানের বহুতল বিপণি বিতান উদয় টাওয়ারের মালিক।