২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ছয় মাস স্থগিত করেছে হাইকোর্ট

খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এক কোটি টাকার চাঁদাবাজি মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে এ মামলা কেন খারিজ করা হবে না সরকারকে চার সপ্তাহের মধ্যে তার কারণ দেখাতে বলা হয়েছে। এছাড়া এ মামলায় তারেকের জামিনের আবেদন নাকচ করেছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 06:10 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে সরকার আপিল বিভাগে আবেদন জানাবে কিনা, এ প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল ফিদা এম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের আদেশ দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত খোলা থাকা আপিল বিভাগের চেম্বার জজের আদালতে তারেক রহমানের মামলা স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার কোনও আবেদন পরিচালনা করেনি।

রায় দেওয়ার আগে সরকারপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল আবদুর রউফ দ্রুত বিচার আইনের একটি সংশোধনী আদালতে উপস্থিত করে বলেন, আইনটি ১৬ এপ্রিল (সোমবার) সংশোধন করা হয়েছে। এই আইনে অভিযুক্ত হাতে নাতে ধরা না পড়লে যতদ্রুত সম্ভব অভিযোগপত্র দিতে হবে। মুল আইনে অপরাধ সংঘটনের সাত দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়ার বিধান ছিল। এছাড়া ১৬ এপ্রিলের সংশোধনীতে ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিস্পত্তি করতে বলা হয়েছে। মূল আইনে ৬০ দিনের মধ্যে বিচার নিস্পত্তি করার বিধান ছিল।

আদালত বলেন, সোমবার বিকেলে মামলাটির শুনানি হয়েছে। এদিনই সংশোধনী দেওয়া কী আদালতের কার্যক্রম ব্যাহত করা নয়? আইনের ফলে দেওয়া কোনো আইনি অধিকার কী সংশোধনী দিয়ে কেড়ে নেওয়া যায়?

জবাবে ডেপুটি বলেন, আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

তারেকের আইনজীবী টিএইচ খান বলেন, আদালতের কার্যক্রম ব্যহত করার জন্য সরকার এই সংশোধনীটি করেছে। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনার ৬৪ দিনের মাথায় গত ১৮ মার্চ এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। যা মুল দ্রুত বিচার আইনের বিধানের লঙ্ঘন।

আদালতে এ আদেশের সময় তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমান আদালতে উপস্থিত ছিলেন।

৭ মার্চ রাতে খালেদা জিয়ার মঈনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তারের পরদিন আমিন আহম্মেদ ভূঁইয়া গুলশান থানায় তারেকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলাটি করেন।

চাঁদাবাজি মামলার এজাহারে বলা হয়েছে, তারেক রহমান ৪ জানুয়ারি তাকে হাওয়া ভবনে ডেকে নিয়ে বলেন, ঠিকাদারি করতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। তিনি এ সময় এক কোটি টাকা দাবি করেন। ভয় পেয়ে আমিন আহম্মেদ এক কোটি টাকা দিতে রাজি হন।

এরপর তিনি বন্ধু ক্যাপ্টেন (অব.) সবুরকে সঙ্গে নিয়ে এক কোটি টাকার একটি ব্যাংক চেক দিতে তারেক রহমানের কাছে যান। কিন্তু তারেক নগদ টাকা দাবি করেন। পরে বাদীর ভাই ফারুখ আহম্মেদ দুটি ব্রিফকেসে করে এক কোটি টাকা হাওয়া ভবনে গিয়ে তারেকের সহযোগী অপুর কাছে দিয়ে আসেন। পরদিন তারেক টাকা পেয়েছেন বলে তাকে জানান।

আমিন আহম্মেদ ভূঁইয়া সদ্য বাতিল হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (চাটখিল) আসনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন। তিনি গুলশানে বহুতল বিপণীবিতান উদয় টাওয়ারের মালিক।

এ রায়ের পর এ মামলায় তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন হওয়ার কথা রয়েছে। ৫ এপ্রিল মামলা খারিজের আবেদন করা হয়েছে জানিয়ে তারেকের আইনজীবীরা অভিযোগ গঠন পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক আবদুর রউফ খান ১৭ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।