চূড়ান্ত অনুমোদন পেল দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০০৭
দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০০৭ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে ১৯৬৮ সালের ক্রিমিনাল অ্যামেন্ডম্যান্ট অ্যাক্টের ৫ (এ) ধারা বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম এ ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান।
ফাহিম মুনয়েম জানান, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করার ফলে এ আইনে মামলা করা হলে তা হবে জামিন অযোগ্য। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে কমিশন তদন্তের আগেই আটকের নির্দেশ দিতে পারবে।
তবে কমিশনের অনুমোদন ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। মামলা দায়েরের আগেই এ অনুমোদনের প্রয়োজন হবে। অনুমোদনের কপি তদন্ত প্রতিবেদনের সঙ্গে আদালতে পেশ করতে হবে। অনুমোদন ছাড়া গ্রেপ্তার করা হলে আদালত বিচারের জন্য মামলা নেবে না।
গত ২৯ মার্চ এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ‘দুর্নীতিদমন কমিশন বিধিমালা ২০০৭’ কার্যকর করা হয়। এ বিধিমালায় দুর্নীতিবাজদের ধরতে কমিশনকে ‘ফাঁদ’ মামলা করার ক্ষমতা দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযোগ কিংবা মামলা হওয়ার আগেই তার সম্পত্তি বাজেয়াপ্ত করারও অনুমতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের কাছে যদি এমন তথ্য থাকে যে, কোনো ব্যক্তি বৈধ উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জন করেছে, তবে কমিশন নোটিশ জারি করে সাত দিনের মধ্যে ওই ব্যক্তির সম্পত্তির হিসাব চাইতে পারবে।
কমিশন প্রয়োজনে অভিযোগের তদন্তের জন্য এনএসআই, ডিজিএফআই, সিআইডি, র্যাব, ডিবি ইত্যাদি সংস্থার সাহায্য নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
