চাঁপাইনবাবগঞ্জে বোমা সদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামে সোমবার ভোর ৫টার দিকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, গোয়াল পাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে মনিরুলের বাড়ির পেছনে বোমা রাখা আছে খবর পেয়ে রাত ৩ টার দিকে সেনাবাহিনী ও পুলিশ এলাকাটি ঘিরে রাখে।
ভোর ৫টার দিকে তল্লাশি চালিয়ে আম পাতার স্তুপের নিচে লুকানো অবস্থায় পলিথিন ব্যাগের ভিতরে টিফিন বাটি আকৃতির একটি কোটা দেখতে পেয়ে এর চারপাশে বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয়। পরে এটি উদ্ধার করে ওই এলাকায় পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। বোমা সদৃশ ওই বস্তুটির ওজন দেড় থেকে দুই কেজি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে নিশ্চিত হওয়া যাবে আসলে ওটি বোমা, না কি অন্য কিছু। তারা না আসা পর্যন্ত পুলিশ ওই এলাকায় অবস্থান করবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। এর আগের দিনই পার্শ্ববর্তী গ্রাম চকঘোড়াপাখিয়ায় জনৈক ইসলাম উদ্দিনের একটি অব্যবহৃত মুরগির খামারে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এতে খামারটির ইটের দেয়াল ভেঙ্গে পড়ে এবং টিনেরা চালা উড়ে যায়। ঘটনাস্থল থেকে বোমা তৈরিতে ব্যবহারের জন্য দুই বস্তা খালি কৌটা উদ্ধার করে পুলিশ।
