২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকার জন্য দাতাদের কাছে অর্থ চাওয়া হচ্ছে

২০০৮ সালের মধ্যে জাতীয় নির্বাচন করতে ভোটার তালিকা তৈরির জন্য দাতাদের কাছে আর্থিক সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 08:34 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

রোববার বিকালে নির্বাচন কমিশনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, দাতাদের কাছ থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সোমবার থেকেই এই অর্থ সাহায্য চাওয়ার প্রক্রিয়া শুরু করবে। দাতাদের কাছে চিঠি পাঠানো হবে।

তিনি বলেন, “ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য ৪শ’ কোটি টাকার প্রকল্প তৈরি করা হচ্ছে। জাপান, কানাডা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সরকারের কাছে সহায়তা চাওয়ার জন্য বৈঠকে আলোচনা হয়েছে। আমরা বলেছি সাহায্য চাই। ঋণ হিসাবে সহায়তা পাওয়া যেতে পারে। আবার অনুদান হিসাবেও পাওয়া যেতে পারে। দাতারা কীভাবে দেয় সেটা দেখতে হবে।”

প্রধান নির্বাচন কমিশনার অবশ্য বলেন, দাতাদের কাছে সহায়তা না পাওয়া গেলেও সমস্যা নেই। নিজস্ব অর্থে প্রকল্প বাস্তবায়ন করা হবে। বাজেটে এর জন্য টাকা বরাদ্দ রাখা আছে।

২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে জন্য প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, এর আগে নির্বাচন কমিশন বলেছিল ভোটার তালিকা তৈরি করতে ১৮ মাস লাগবে। প্রধান উপদেষ্টার এ বক্তব্যের ফলে নির্বাচনের প্রস্তুতি আরও ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

জাতীয় পরিচয়পত্র সম্পর্কে তিনি বলেন, এটা ছবিসহ ভোটার তালিকার একটি উপজাত। যে প্রকল্প তৈরি করা হচ্ছে তা চার পাঁচ বছর ধরে চলবে। আমাদের আপাতত ভোটারা তালিকা দরকার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমিনুল ইসলাম ভূইয়া, বিজ্ঞান, প্রযুক্তি ও তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদুজ্জামান, পরিকল্পনা কমিশন সচিব জাফর আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক বৈঠকে অংশ নেন।