২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে সাবেক দুই সাংসদের লড়াই!

নীলফামারী জেলা কারাগারের আটক সৈয়দপুরের বিএনপি দলীয় সাবেক সাংসদ আমজাদ হোসেন সরকার ভজে শনিবার একই দলের আরেক সাবেক সাংসদ আনোয়ারুল কবীর চৌধুরীর ওপর দফায় দফায় হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর রোববার সকালে আনোয়ারুল কবীর চৌধুরীকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

রোববার মামলায় হাজিরা দিতে কারাগার থেকে আদালতে আসা একাধিক হাজতি সাংবাদিকদের বলেছেন, দুপুর ও বিকেলে দু’দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তাদের সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পরে।

হাজতিরা জানান, নীলফামারী-৩ আসনে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী সাংসদ আনোয়ারুল কবীর চৌধুরী সকালে গোসল করতে গেলে ভজে গ্রুপের একজন তাকে সরিয়ে পানি নেওয়ার চেষ্টা করে। আনোয়ারুল কবীর চৌধুরী এ সময় পানির পাত্র ফেলে দিলে ক্ষিপ্ত ভজে দলবল নিয়ে তার ওপর হামলা চালান। কারা পুলিশের হস্তক্ষেপে তখন সংঘর্ষ থামলেও বিকেলের দিকে আবার তা শুরু হয়।

নীলফামারী জেলা কারাগারের কারারক্ষক ইসমাইল হোসেন সংঘর্ষের কথা সরাসরি স্বীকার না করলেও বলেন, “তাদের মধ্যে বাদানুবাদ হয়েছে”।

অন্যদিকে, কারাগারের তদারকির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইউব হোসেন বলেছেন, কারা কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসনকে জানায়নি। তবে খবর পেয়ে রোববার তিনি কারাগারে গিয়ে সাবেক দুই সাংসদের মধ্যে বাদানুবাদ হয়েছে বলে জেনেছেন।

এই ঘটনার পর আনোয়ারুল কবীর চৌধুরীকে রোববার সকালে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। হাজতিরা জানান, এর আগে সাবেক সাংসদ আমজাদ হোসেন নীলফামারী কারাগারে থাকা ডেইলি স্টারের নীলফামারী প্রতিনিধি আসাদুজ্জামান টিপুর ওপরও হামলার চেষ্টা করেছিলেন। অন্য বন্দিদের চেষ্টায় সে সময় রক্ষা পান টিপু।