কেন্দ্রীয় কারাগারেও পান্তা-ইলিশ
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি প্রায় সাড়ে ১০ হাজার কয়েদী শনিবার ভিন্ন আমেজে নতুন বছরকে বরণ করে নিয়েছেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেয়াল পত্রিকা প্রকাশসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন বছরকে বরণ করে নেন। দেয়াল পত্রিকায় কারাগারে আটক তারেক রহমান, নাজমুল হুদা, মির্জ্জা আব্বাস এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ভিআইপি বন্দিরা তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা লিখেছেন।
কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানায়, বর্ষবরণ অনুষ্ঠানে মহিলা কয়েদীরা হাতে মেহেদী ও মাথায় ফুলসহ ভিন্ন সাজে সেজেছিলেন। নাচ ও গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন তারা। তবে নিরাপত্তার কারণে পুরুষ কয়েদীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
উপ-মহা কারা পরিদর্শক মেজর সামছুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছরই প্রথমবারের মতো পহেলা বৈশাখে কয়েদীদের ইলিশ মাছ ও পান্তা ভাতসহ বিভিন্ন উন্নত মানের খাবার দেওয়া হয়েছে। এছাড়া কয়েদীদের লেখা ছোট গল্প, কবিতা ও তাদের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে একটি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে।
