প্রতারিত হয়ে আফগানিস্তান যাওয়ার সময় জিয়ায় ২০ জন আটক
পর্যটক ভিসায় আফগানিস্তানে যাওয়ার সময় ২০ বাংলাদেশী যুবককে আটকে দিয়েছে জিয়া বিমান বন্দরের কর্মকর্তারা। চাকরির কথা বলে দালাল ও প্রতারক চক্র তাদের কাছ থেকে আড়াই লাখ করে টাকা নিয়েছিল।
শনিবার জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা এ ২০ জনের গমন স্থগিত করে।
বিমানবন্দর থানার একজন কর্মকর্তা জানান, প্রতারিত এ যুবকদের যাওয়া আটকে দেওয়া হলেও তাদের গ্রেপ্তার বা আটক করা হয়নি। তাদের দেওয়া তথ্য অনুসারেই এ প্রতারক চক্র বা গোষ্ঠীকে খোঁজা হচ্ছে।
শনিবার সকাল পৌনে ১২ টায় আফগানিস্তানগামী জিএমজি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ওই যাত্রীদের আটক করা হয়। বিভিন্ন ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে মাথাপিছু আড়াই লাখ টাকা দিয়ে ইরান হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য তারা চুক্তি করেছিলেন।
প্রতারিত এ ২০ যুবক হলেন সোহেল মিয়া, শামীম হোসেন, মুরাদ আলী, জয়নাল আবেদীন, মামুন হোসেন, বজলুর রহমান, ওমর আলী, নুরুল হুদা, জয়নাল হোসেন, সামছুদ্দিন, নূর-আলম, নজরুল ইসলাম, জয়নাল আবেদীন (২), আব্দুল করিম, আল-অমিন, আব্দুল করিম (২), জাহিদ হোসেন, মোঃ আজাদ, মুখতাছের আলি এবং শাহ নজরুল ইসলাম।
বিমান বন্দর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে ইমিগ্রেশনের পরিদর্শক নাসিম আহম্মেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ফেনীর বিজয় ইন্টারন্যাশনাল নামে একটি ট্রাভেল এজেন্ট এর মালিক ফারুখ আহম্মেদ পাটোয়ারীসহ আট জনকে মামলার আসামি করা হয়েছে।
