বগুড়া শহরের মার্কেট থেকে বোমা উদ্ধার
বগুড়া শহরে বড়গোলা টিনপট্টি এলাকায় একটি মার্কেট থেকে শুক্রবার সকালে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বিকেলে পুলিশ লাইনে সেনা বিশেষজ্ঞরা মাঝারি ক্ষমতার বোমাটির বিস্ফোরণ ঘটান।
প্রতক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে টিনপট্টি এলাকার কবির মার্কেটে বোমাটি দেখতে পেয়ে লোকজন র্যাব ও পুলিশকে খবর দেয়। বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ বোমাটি উদ্ধার করে বালতি ভর্তি পানিতে ডুবে রাখে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল বোমাটি মাঝারি ক্ষমতাসম্পন্ন বলে দাবি করেছেন।
পরে বিকেল সোয়া ৫টার দিকে ১১ পদাতিক ডিভিশনের বোমা বিশেষজ্ঞরা পুলিশ লাইনে সেটির বিস্ফোরণ ঘটান।
প্রসঙ্গত, কয়েকদিন আগে জেএমবি’র নাম দিয়ে এক চিঠিতে বগুড়ার পুলিশ কমিশনারকে বলা হয়েছিল বাংলাভাইয়ের মৃত্যুর ৬০ দিনের মধ্যে যেন কোনো ধরনের আনন্দ উল্লাস না করা হয়। এ ৬০ দিন জেএমবি শোক পালন করবে।
এরই মধ্যে পহেলা বৈশাখ উপলক্ষে পৌর পার্কে শনিবার শুরু হতে যাচ্ছে পাঁচদিনব্যাপী বৈশাখী মেলা।
এ ব্যাপারে বগুড়া পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চিঠি পাওয়ার পরই কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। বোমা উদ্ধারের পর তা আরও শক্তিশালী করা হয়েছে।
