২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখ নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হবে রাজধানী

শনিবার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানের দিন রাজধানী ঢাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 10:00 AM

Updated : 26 Apr 2022, 02:13 PM

র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে এ ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করবেন।

৮ এপ্রিল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র সচিব আবদুল করীম সভায় সভাপতিত্ব করেন।

ওই সভা শেষে সচিব আবদুল করীম সাংবাদিকদের জানান, “শীর্ষ জঙ্গি নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও সরকার নিরাপত্তা সংশ্লিষ্ট সবকিছু গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাই পহেলা বৈশাখ উপলক্ষেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রাণালয় সূত্র জানায়, বাংলা নববর্ষে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিডিআর ও আর্মড পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন।

রাজধানী ঢাকায় প্রায় সাত হাজার নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশের পাঁচ হাজার নয়শ’ ৯৪ জন, এপিবিএনের ৪৬০ জন, বিডিআর ১৪০ জন এবং র‌্যাবের প্রায় এক হাজার সদস্য রয়েছেন।

রমনা পার্কের ভেতরে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, পাঁচটি পর্যবেক্ষণ টাওয়ার ও ৫০টি চেক পোষ্ট বসানো হবে। প্রতিটি প্রবেশপথে দর্শনার্থীদের তল্লাশির ব্যবস্থা রাখা হবে।

র‌্যাব সূত্র জানায়, রমনা পার্কের ভেতরে ও বাইরে এবং ছায়ানটের অনুষ্ঠানস্থলের আশেপাশের এলাকায় র‌্যাবের ২২টি ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা (সিসিটিভি) বসানো হবে। র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল এবং ডগ স্কোয়াডের সদস্যরা মূল অনুষ্ঠানস্থল এবং আশেপাশে টহল দেবেন। রমনা পার্কের লেকেও বোট নিয়ে টহল দেবেন র‌্যাব সদস্যরা। এছাড়া যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাবের একশ’ সদস্যের একটি রিজার্ভ দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

অন্যদিকে পুলিশের মোট পাঁচ হাজার নয়শ’ ৯৪ জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে রয়েছেন ১৩ জন উপ-পুলিশ কমিশনার (ডিসি), সহকারি উপ-পুলিশ কমিশনার (এডিসি) ১৫ জন, ৩৩ জন সহকারি কমিশনার, পরিদর্শক ৭৬ জন, এসআই ৩৫৩ জন, ৬৫ জন এএসআই এবং ৬৩ জন সার্জেন্ট। এছাড়া আরো রয়েছেন ৩৮৮ জন মহিলা পুলিশ সদস্য।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল গুলজার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩০ মার্চ জেএমবির শীর্ষ ছয় জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পর থেকেই সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরও যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সারা দেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সব্বোর্চ সতর্কতায় রাখা হয়েছে।