ভেড়ামারায় ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই, আটক ১
কুষ্টিয়ার ভেড়ামারায় বৃহস্পতিবার সকালে এক ব্যবসায়ীর এক লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ সময় পথচারীরা এক ছিনতাইকারীকে আটক করলেও টাকা উদ্ধার করা যায়নি। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত ওই ছিনতাইকারীর নাম মোহাম্মদ সবুর (২৫)। খুলনার রূপসা উপজেলার মিল্কীদিয়াড় এলাকায় তার বাড়ি। তার বাবার নাম আনোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে ভেড়ামারা রেল বাজারের স্টুডেন্ট ক্লথ স্টোরের মালিক হাজি মনা পূবালী ব্যাংক থেকে এক লাখ ২০ হাজার টাকা তুলে তার দোকানের ম্যানেজার ওয়াদুদের কাছে দেন। ওয়াদুদ ব্যাংক থেকে বের হওয়া মাত্র তিন ছিনতাইকারী টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।
এ সময় পথচারীরা এক ছিনতাইকারীকে আটক করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, ছিনতাইকারীর দেওয়া তথ্য অনুযায়ী টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
