পুরনো ভয় ফিরে এসেছে জ্যোতি পাঁড়ের মনে
সাংবাদিকদের দেখলেই আঁতকে ওঠেন ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতি বোমা হামলায় নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের স্ত্রী পল্লবী জ্যোতি পাঁড়ে। বুধবার রাতে ঝালকাঠি জেলার পিপি হায়দার হোসাইনের নির্মম হত্যাকাণ্ডের পর তিনি আর স্থির হতে পারছেন না। পুরনো ভয় আবার নতুন করে জাঁকিয়ে বসেছে তার মনে।
যেকোনো মুহূর্তে স্বামী জগন্নাথ পাঁড়ে কিংবা হায়দার হোসাইনের মতো হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল নগরীতে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কনিষ্ঠ কর্মকর্তা জগন্নাথ পাঁড়ের স্ত্রী জ্যোতি তাঁর কর্মস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানালেন তার এ শঙ্কার কথা।
ঝালকাঠিতে জেএমবির বোমা হামলা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হায়দার হোসাইন বুধবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর জ্যোতি তাঁর প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “আমাকে একটু বাঁচতে দিন। প্লিজ, আমাকে নিয়ে আর লেখালেখি করবেন না। আমি জেএমবির ব্যাপারে আর কোন মন্তব্য করতে চাই না।”
জ্যোতি পাঁড়ে কান্নাজড়িত কন্ঠে বললেন, “মামলা চালাতে গিয়ে হায়দার ভাই আমাকে খুব সহযোগিতা করেছিলেন। দারুণ ভাল মানুষ ছিলেন তিনি। তার সহযোগিতাতেই জঙ্গিদের ফাঁসির রায় কার্যকর হয়েছে।”
বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জঙ্গিদের ফাঁসি হওয়ার পর নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের শ্বশুরবাড়িতে ছয়জন পুলিশ রাতে পাহারায় ছিল। ঝালকাঠিতে পিপি খুন হওয়ার পর টহলরত পুলিশের সংখ্যা ১০ জনে উন্নীত করা হয়েছে।
