২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের গোলাপগঞ্জ পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

গোলাপগঞ্জ পৌর চেয়ারম্যান জাকারিয়া আহমদ পাপলুকে বুধবার দুপুরে পৌরসভা কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করা হলে বিকেলেই তাকে সিলেট কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 11:03 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর ও জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার গোলাম মাহমুদের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আরও ৯ জনকে আসামি করা হয়েছে। এরা হলেন, কামিল আহমদ বাবুল, জুবেল আহমদ, সুবেল আহমদ, কয়েছ আহমদ, শামীম আহমদ, নজরুল ইসলাম নিয়াজি, শফিকুর রহমান, দেবনাথ ও আবদুল বারি বাবলু।

মামলার অভিযোগে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় পাপলুর নেতৃত্বে অভিযুক্তরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ভাঙচুর করেন এবং সেখানে উত্তোলণ করা জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। তারা কার্যালয়ের ভেতরে মুক্তিযুদ্ধ বিষয়ক দলিলাদি ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও বিনষ্ট করে।

পুলিশ তদন্ত শেষে গত ২২ মার্চ মামলাটি নথিভুক্ত করে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহউদ্দিন আহমদ বলেন, “মুক্তিযোদ্ধা সংসদের মামলায় গ্রেপ্তার দেখানো হলেও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের মামলাটি ১৪৩/ ৪২৭ দন্ডবিধি এবং ১৯৭২ সালের রাষ্ট্রপতি আদেশ নং ১৩০ এর ৫(২) ধারা মোতাবেক নথিভুক্ত করা হয়েছিল।”

জাকারিয়া আহমদ পাপলু ২০০২ সালের ১৩ এপ্রিল অনুষ্ঠিত গোলাপগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে দেশের কনিষ্ঠ পৌর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।