১ মে থেকে বাড়ছে সিএনজি অটোরিক্সা ভাড়া
সিএনজি অটোরিক্সার ভাড়া প্রথম ২ কিলোমিটার ১২ টাকার পরিবর্তে সাড়ে ১৩ টাকা করা হচ্ছে। এছাড়া পরবর্তী প্রতি কিলোমিটার ৫ টাকার পরিবর্তে নির্ধারণ করা হয়েছে সাড়ে ৫ টাকা।
নতুন এই ভাড়া কার্যকর হবে ১ মে থেকে।
রোববার বিকেলে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মালিক এবং চালক নেতাদের উপস্থিতিতে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন সিএনজি অটোরিক্সার নতুন ভাড়া নির্ধারণের ঘোষণা দেন।
যানজটে অপেক্ষার সময় প্রতি মিনিটে ভাড়া ৫০ পয়সার পরিবর্তে বাড়িয়ে ৭৫ পয়সা করা হয়েছে। নতুন নীতিমালায় যে কোনো দূরত্বে অটোরিক্সা যাওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। এক্ষেত্রে সর্বনিু ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।
যোগাযোগ উপদেষ্টা এম মতিন বলেন, ‘‘মালিক, চালক এবং যাত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এতে তিন পক্ষের স্বার্থই নিশ্চিত করা হয়েছে।”
তিনি বলেন, “নতুন নীতিমালায় মিটার টেম্পারিং রোধে চালক এবং মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও বিধান রাখা হয়েছে। কোনো চালক স্বল্প দূরত্বে যাত্রী নিতে রাজি না হলে তার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও রুট পার্মিট বাতিল করা হবে।”
এ জন্য ভুক্তভোগী যাত্রীকে তাৎক্ষণিক নিকটস্থ দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবা পুলিশ স্টেশনে অভিযোগ করতে হবে বলে জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, দৈনিক জমা ৩০০ টাকার পরিবর্তে ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সিএনজি অটোরিকশা নীতিমালার খসড়া প্রণয়নে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) চেয়ারম্যান আবু বকর মো. শাহজাহান এর নেতৃত্বে গঠিত ১০ সদস্যের কমিটি করা হয়।
