২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশের প্রস্তাব সার্ক দেশগুলোর

সার্কভুক্ত দেশগুলোর পণ্য শুল্কমুক্তভাবে ভারতের বাজারে প্রবেশের জন্য ওই দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী রোববার তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, সংবেদনশীল পণ্যের তালিকা ছোট করার আশ্বাস দিয়েছেন মনমোহন সিং। এ ছাড়া কী কী পণ্য শুল্কমুক্তভাবে প্রবেশের সুযোগ চাওয়া হচ্ছে তার একটা তালিকা দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 04:26 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “সার্ক এখন পূর্ণতা পেয়েছে। এটি ধীরে ধীরে দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ইউনিয়ন প্রতিষ্ঠার দিকে এগুবে।”

সার্ক সম্মেলন ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সন্ত্রাস দমনে সার্ক দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে একমত হয়েছে।”

ইফতেখার আহমদ চৌধুরী বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা সার্কভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাড়ে ছয় কিলোমিটার অনির্ধারিত সীমান্ত চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। কথা হয়েছে তিস্তা টিপাইমুখ বাঁধ নিয়েও। ভারত কথা দিয়েছে, তিস্তার পানি প্রবাহ তারা ঘুরিয়ে দেবে না।”

তিনি জানান, পাকিস্তানের সঙ্গে আলোচনায় তারা শুভেচ্ছা ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে এক কোটি ডলার মূল্যের গম বাংলাদেশকে দেওয়ার ঘোষণা দিয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে বৈঠকে কলম্বো-ঢাকার মধ্যে বিমান চালুর প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও জানান, দ্বিপাক্ষিক বৈঠকে ঢাকা-কাঠমান্ডু বাস চলাচলের প্রস্তাব দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা। এই সার্ভিস চালু করতে ১৫ কিলোমিটার এলাকার বিষয়ে ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যে আলোচনা করতে হবে। বাংলাদেশ ও নেপাল পৃথক পৃথকভাবে ভারতের সঙ্গে এই আলোচনা করবে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ২০০৮ সালকে ‘গুড গভর্নেন্স’ বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। সার্কের আট নেতা অনানুষ্ঠানিক এক বৈঠকে খাদ্য, জ্বালানি, পানি ও বন্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশ নিয়ে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এসব বিষয়ে সবদেশ মিলে প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পগুলোর অর্থ নির্ধারণসহ সার্বিক তত্ত্বাবধান করবে এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক ও ইউএনডিপি। এজন্য তারা একটি প্রতিবেদন তৈরি করবে। এই প্রতিবেদন আগামী নভেম্বর-ডিসেম্বরে দিল্লীতে অনুষ্ঠেয় সার্ক পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে পেশ করা হবে।

তিনি আরও জানান, সাউথ এশিয়া ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস হবে দিল্লীতে এবং অন্য সদস্য দেশগুলোতে স্যাটেলাইট ক্যাম্পাস হবে। এর প্রাথমিক ব্যয় বহন করবে ভারত। এ ছাড়া সম্মেলনে বাংলাদেশে ইয়ুথ ক্যাম্প করার প্রস্তাব দেওয়া হয়েছে। সার্ক অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা উন্নয়নের জন্য কাজ করার ম্যান্ডেটও দেওয়া হয়েছে এসব বৈঠকে।