আবুধাবি থেকে ফেরত পাঠানো হয়েছে ১১ বাংলাদেশিকে
জাল ভিসা ও কাগজপত্র নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ায় ১১ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
ইরানের ইত্তেহাদ এয়ারলাইন্সের কর্মকর্তারা শুক্রবার সকালে তাদের জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
ফেরত পাঠানো ১১ জন হলেন এরশাদ, পারভীন, কামাল, তালেব, রফিকুল, রতন, আনোয়ার, মনিরুজ্জামান, ফারুখ, আব্দুল ওয়াহাব ও মোঃ রাজ্জাক। কাজের সন্ধানে তারা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গিয়েছিলেন।
বিমান বন্দর কর্তৃপক্ষ শনিবার ভোর পৌনে পাঁচটায় তাদের বিমান বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
বিমান বন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে আবুধাবি থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক জালাল আহম্মেদ মামলাটি তদন্ত করছেন।
