নোয়াখালীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নেয়াখালীর কবিরহাটে এক ব্যক্তি নিহত এবং চার জন আহত হয়েছেন। নিহতের নাম আবুল বাশার ভুলু।
শুক্রবার বিকেলে কবিরহাট উপজেলার সোন্দরপুর ইউনিয়নের জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন আব্দুল মান্নান (৩৫), কামাল উদ্দিন (৪০), কবির হোসেন (৩০) ও সালেহা (২৮)। আব্দুল মান্নানের মাথায় ও কামাল উদ্দিনের ফুসফুসের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম নুরুল আলম জানান, শুক্রবার বিকেলে বর্গাচাষী আবুল বাশার ভুলু কোরবান আলীর জমিতে চাষ দিতে যান। এসময় একই গ্রামের মৃত জালাল সর্দারের ছেলে নুরুল আমিন ও নুরুল হক লোকজন নিয়ে তার ওপর হামলা চালায়।
কোরবান আলীর লোকজন এ সময় সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত ভুলুকে রাতে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ওই জমি নিয়ে কোরবান আলীর সঙ্গে নুরুল আমিন ও নুরুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এএসএম নুরুল আলম আরও জানান, নুরুল আমিনের স্ত্রী আনোয়ারা বেগম সাহিদাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সুধারাম থানায় একটি মামলা করা হয়েছে।
