জরুরি অবস্থা দিয়ে বেশি দিন দেশ চালানোর ফল শুভ হয় না: শেখ হাসিনা
দেড় বছরের আগে নির্বাচন হচ্ছে না-নির্বাচন কমিশনের এ বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্র থেকে বিবিসি রেডিওকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে হাসিনা বলেন, “দেখুন আমার প্রতিক্রিয়া অত্যন্ত স্পষ্ট। ভোটের মধ্য দিয়ে জনগণ তার সরকার নির্বাচিত করবে-সেটা বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট সরকার কেড়ে নিতে চেয়েছিল। তারই বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছিল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য-দুর্ভাগ্য হলো জনগণ সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জনগণকে কতদিন সে অধিকার থেকে বঞ্চিত করে রাখা উচিত?”
সরকারকে সাবধান করে দিয়ে হাসিনা বলেন, “বাংলাদেশে আমরা অতীত ইতিহাসও জানি, আমরা দেখেছি এ ধরনের একটি অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সরকার-আমরা যতই সমর্থন দেই না কেন, হয়তো কিছু ভালো কাজ তারা করেছে এবং আমরাও সমর্থন দিয়েছি-কিন্তু দীর্ঘদিন জরুরি অবস্থা দিয়ে দেশ চালানো যায় না। আর দীর্ঘদিন এধরনের সরকার চলতেও পারে না এবং এর ফলাফলও শুভ হয় না।”
নির্বাচনের জন্য দেড় বছরের বেশি সময় লাগা হাসিনার মতে অযৌক্তিক। এ বিষয়ে হাসিনার মন্তব্য হলো “দেখুন বেশি মনে করলে বেশি-কম মনে করলে কম। কথা সেটা না। কথাটা হচ্ছে যে, তত্ত্বাবধায়ক সরকার যখন শপথ নেয় সংবিধানের ৫৮ (গ) অনুযায়ী শপথ নিয়েছিল। একথাও ভুললে চলবে না। আমার কথা হলো দেড় বছর সময় কেন লাগবে? এই এপ্রিলের ১২ তারিখে তাদের তিন মাস হয়ে যাবে। এ সময়ের মধ্যে তারা ভোটার তালিকা করবার প্রক্রিয়াই শুরু করে নাই, এ দেরিটা কেন করা হলো? দেড় বছর পর নির্বাচনের পরিবেশ করবেন-তারপর আদৌ নির্বাচন হবে কি-না একটা অনিশ্চয়তার মধ্যে দেশবাসীকে ঠেলে দেওয়া মনে হয় ঠিক হয় নাই।”
সচিত্র ভোটার পরিচয়পত্র তৈরি করার জোরালো দাবিটি আওয়ামী লীগেরই ছিল স্বীকার করে নিয়ে হাসিনা বলেন, “আমরা দাবি করেছি-সে অজুহাতে যদি শুধু নির্বাচন পেছানোর চেষ্টা করা হয় সেটাও ঠিক না। নির্বাচনী সংস্কার করতে হবে একথা আমরা বলেছি, সত্য কথা। ত্রিশটা বছর যে জঞ্জাল জমে আছে তা পরিষ্কার করতে হবে। কিন্তু প্রক্রিয়াতো শুরু করা উচিত ছিল। সবাইতো শুধু কালক্ষেপণ করে যাচ্ছে। কারো কোনো উদ্যোগ তো চোখে পড়ছে না। আমরা চেয়েছি বলে কী শুধু দেরিই করতে হবে?”
হাসিনা বলেন, “কাজ করলে তো সময় বেশি লাগার কথা নয়। চার হাজার ৮০০ ইউনিয়ন আছে। প্রত্যেক ইউনিয়নে নয়টা করে ওয়ার্ড আছে। সরকারি লোক ছাড়াও শিক্ষক ও অন্যরা রয়েছেন। লোক লাগিয়ে দিলে, খুব বেশি সময় লাগার কথা নয়। এটা লাগবে ওটা লাগবে বলে দেরি করাও তো ঠিক না।”
এ অবস্থায় করণীয় সম্পর্কে হাসিনা বলেন, “এখন তো রাজনীতি বন্ধ। রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে। মিটিং তো মিটিং, ঘরে বসে কথা বলাও নিষেধ করে দেওয়া হয়েছে।”
সরকারের প্রতি চূড়ান্ত সাবধানবাণী জানিয়ে হাসিনা বলেন, বাংলাদেশের জনগণের ধৈর্য ও সহ্যশক্তি আছে এটা ঠিক। কিন্তু সেই ধৈর্য কতদিন থাকবে তা বলা মুশকিল। কারণ মানুষ তো তার অধিকার চায়। এদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে-রক্ত দিয়েই অধিকার প্রতিষ্ঠা করেছে। এ সরকারও এসেছে ৬৮ জনের রক্তের ওপর দিয়ে। কাজেই এ জনগণের সঙ্গে যাতে কোনো প্রতারণা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
নির্বাচন অনুষ্ঠান নিয়ে নির্বাচন কমিশনের বৃহস্পতিবার দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা এ প্রতিক্রিয়া জানান।
ওই দিন সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা জানান, আগামী দেড় বছরের মধ্যে দেশে জাতীয় বা স্থানীয় পর্যায়ে কোনো নির্বাচন হচ্ছে না। এ সময়ে ছবিসহ ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন। এরপরই নেওয়া হবে সব ধরনের নির্বাচনের প্রস্তুতি।
সিইসির বক্তব্য অনুযায়ী, কমিশনের একটি পরামর্শক দল আগামী ছয় মাসের মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরির প্রকল্প প্রস্তাব করবে। এর পর ১২ মাসে বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ ভোটার তালিকা করা হবে। এজন্যই কমিশনকে ন্যূনতম ১৮ মাস সময় দিতে হবে।
গত দুমাসে সুশীল সমাজ, সাংবাদিক মহল ও রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে কমিশন নির্বাচনী আইনের (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯২৭) যে খসড়া তৈরি করেছে তা জুলাইয়ে গেজেট আকারে হিসেবে প্রকাশ করা হবে বলেও জানান সিইসি।
তিনি আরও জানান, ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেই তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন।
ডাটা বেইজ ছবিসহ ভোটার তালিকা তৈরি করতে সেনাবাহিনীর তথ্য ও প্রযুক্তিবিদদের সহায়তা নেওয়া হবে বলে জানান শামসুল হুদা।
