২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি ভঙ্গের অভিযোগে শেভরনের বিরুদ্ধে সরকারের মামলা

গ্যাস ক্রয়-বিক্রয় চুক্তি (জিপিএসএ) ভঙ্গের কারণে আন্তর্জাতিক তেল কোম্পানি শেভরনের বিরুদ্ধে মামলা করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস সংস্থা পেট্রোবাংলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

জালালাবাদ ফিল্ডের গ্যাস সঞ্চালনের টাকা নিয়ে বিরোধের কারণে গত বছর বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলাকে বিবাদী করে সালিসি মামলা করে শেভরন। এ ঘটনার পর বুধবার ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে শেভরনের বিরুদ্ধে পিএসসি এবং জিপিএসএ চুক্তি ভঙ্গের অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করেছে পেট্রোবাংলা।

এর আগে শেভরন মামলাটি করেছিল বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস’ এ।

শুক্রবার পেট্রোবাংলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাস ক্রয়-বিক্রয় চুক্তির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে শেভরন সরকারকে দোষারোপ করতে পারে না।”

তিনি আরও বলেন, “আদালত যে রায় দেবে তার ভিত্তিতেই আমরা আমাদের কাজ করব।”

তবে আনুষ্ঠনিক নোটিশ পাওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে রাজি হননি শেভরনের ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা।

শেভরনের বহিঃসম্পর্ক বিভাগ বাংলাদেশের পরিচালক নাসের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “কাগজপত্র হাতে পাওয়ার আগে আমাদের পক্ষে এ বিষয়ে কোনও মন্তব্য করা কঠিন।”

গত বছর শেভরনের দায়ের করা মামলায় বলা হয়েছে, পেট্রোবাংলা জালালাবাদ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে চার শতাংশ কম টাকা পরিশোধ করছে। সঞ্চালন খরচ হিসাবে সংস্থাটি ওই চার শতাংশ টাকা কেটে রাখছে।

পেট্রোবাংলার দাবি পিএসসি ও জিপিএসএ চুক্তি অনুযায়ী গ্যাস লাইনে সরবরাহ করার আগ পর্যন্ত সঞ্চালন বাবদ যে চার শতাংশ খরচ হচ্ছে সেটি শেভরনকে দিতে হবে।

তবে শেভরন বলছে, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পর্যন্ত তাদের দায়িত্ব। এর পর গ্যাস সঞ্চালনের জন্য কোনো খরচ তারা বহন করবে না।

পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেন, তারা আইসিএসআইডি-এ শেভরনের দায়ের করা মামলা চ্যালেঞ্জ করে একটি পিটিশন করবেন।

তিনি জানান, শেভরন বারমুডায় নিবন্ধনকৃত একটি কোম্পানি। আর বিশ্বব্যাংক গ্রুপের সদস্য নয় বলে তারা আইসিএসআইডি-এ মামলাও করতে পারে না।