২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের মেয়র কামরান কারাগারে

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল পৌনে ১০টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 09:40 AM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিলেট প্রতিনিধি জানান, সকাল পৌনে ছয়টার দিকে সিলেট কোতোয়ালী থানা পুলিশ নগরীর ছড়ারপাড়ায় কামরানের বাড়িতে যায়। ছয়টার দিকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

গ্রেপ্তারের পরপরই কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুন নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামরানকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। সকালে তাকে আদালতে নেওয়া হবে।”

সকাল সাড়ে ৯টার দিকে মেয়র কামরানকে জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহের আদালতে হাজির করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত মেয়রকে কারাগারে ডিভিশন প্রদান ও চিকিৎসা সেবা প্রদানের আদেশ দেয়। পরে পুলিশ পিকআপ ভ্যানে ৯টা ৫০ মিনিটে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

সিলেট কারাগারের সুপারিনটেনডেন্ট ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারাবিধি অনুযায়ী মেয়রকে সব সুযোগসুবিধা দেওয়া হবে।”

প্রসঙ্গত, নগরীর শিবগঞ্জ কাঁচা বাজারে দোকান বন্দোবস্ত সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ২০০৩ সালে কামরানসহ ১৯ জনের বিরুদ্ধে সিলেট দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন সহকারী কর্মকর্তা একরামুর রেজা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল গফুর বৃহস্পতিবার সকালে মেয়রের জামিন আবেদন নাকচ করে তাকেসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিন ছিল অভিযুক্তদের হাজিরার তারিখ। বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি অভিযোগ গঠন করে বিভাগীয় বিশেষ আদালতে এ মামলার বিচারকাজ শুরুর জন্য ১২ এপ্রিল তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্র জানায়, মামলা আসামিদের একজন আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।