পঞ্চগড়ে সারের দাবিতে মহাসড়ক অবরোধ
সারের দাবিতে বৃহস্পতিবার প্রায় চার ঘণ্টা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পঞ্চগড়ের বোদা উপজেলা ও ময়দানদীঘি এলাকার কৃষকরা।
অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিক্ষুব্ধ কৃষকরা এসময় অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি-রাজস্ব) গাড়িও আটকে দেয়।
বৃহস্পতিবার সকালে সার না পেয়ে বোদা ও ময়দানদীঘি এলাকার কৃষকরা রাস্তার ওপর তাদের সাইকেল, গাছের গুড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ময়দানদীঘি বাজারে অবরোধের খবর পৌঁছলে কৃষকদের অরও একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরোধে যোগ দেয়।
দুপুরের দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমকেএস মাহবুবুর রহমান একজন কৃষি কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থলে গেলে তার গাড়িও আটকে দেয় কৃষকরা।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক আগামী রবি অথবা সোমবারের মধ্যে সার এসে যাবে বলে আশ্বাস দিলে বিকাল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
কৃষকরা অভিযোগ করেছেন, সারের জন্য ইউনিয়ন পরিষদ, কৃষি অফিসসহ বিভিন্ন স্থানে ধর্ণা দিয়েও সার পাচ্ছেন না তারা। ব্লক সুপারভাইজারের স্বাক্ষর করা ২৫ মার্চের স্লিপ দেখিয়ে তারা জানান, এসব স্লিপে এক বস্তা করে সার দেওয়ার কথা লেখা থাকলেও এখনো তারা সেই সার পাননি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।
বোদা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান জানান, চাহিদা মেটাতে স্থানীয় ১০জন ডিলারের পাশাপাশি অন্য জায়গার আরও চারজন ডিলারের মাধ্যমে সার সরবরাহ করা হচ্ছে। ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জের বাফার গোডাউন থেকে বরাদ্দ দেওয়া হলে এ সমস্যার সৃষ্টি হতো না বলে জানান তিনি।
