সাবেক সাংসদ সালাউদ্দিন ফের কারাগারে
তিন দিনের পুলিশ রিমান্ড শেষে ঢাকা-৪ আসনে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মদকে বৃহস্পতিবার কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম কামরুন্নাহার বৃহস্পতিবার বিকেলে এই নির্দেশ দেন।
ধানমন্ডি থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় ২ এপ্রিল দুপুরে সালাউদ্দিন আহম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। বৃহস্পতিবার আদালতে হাজিরের পর অন্য কোন মামলার শুনানি বা জামিন আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন হাকিম কামরুন্নাহার।
এর আগে শ্যামপুর থানায় দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলায় দুই দিনের রিমান্ড শেষে সালাউদ্দিন আহমেদকে ৩১ মার্চ কারাগারে পাঠানো হয়।
গত ১২ জানুয়ারি সালাউদ্দিন আহমেদ ঢাকা মুখ্য মহানগর আদালতে আত্মসমর্পণ করেন।
