এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না রোকসানার
এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল রোকসানা। পড়াশোনাও এগোচ্ছিল ভালোই। কিন্তু একটি দুর্ঘটনা তাকে সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি।
বৃহস্পতিবার কোচিং শেষে ফেরার পথে গল্লামারী সিএমএম অফিসের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা গেছে রোকসানা খানম ও তাকে বহনকারী রিকশাটির চালক রতন ঋষি। বয়রা ভোকেশনাল ট্রেড স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিল রোকসানা।
এসওএস শিশুপল্লীর প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রোকসানা নগরীর গল¬ামারী এসওএস পল্লীতে বসবাস করতো।
স্থানীয় পথচারীরা বাসের চালক আজিজুল শেখ এবং সুপারভাইজার আবদুল করিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বাসটিও আটক করা হয়েছে।
বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ আত্মীয়স্বজনের কাছে ফেরত দেওয়া হয়েছে।
