চুয়াডাঙ্গায় চরমপন্থীদের হাতে এক ব্যক্তি খুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বুধবার রাতে রবিউল (৪৫) নামের এক ব্যক্তিকে চরমপন্থীরা জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার সকালে খাদিমপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রবিউলের বাড়ি সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে। তার বাবার নাম মকছেদ আলী।
চুয়াডাঙ্গার স্থানীয় একটি পত্রিকা দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সর্দার আলামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন, মধ্যরাতের দিকে গ্রামীণফোনের ০১৭১৫৮৩২৯৭৩ নম্বর থেকে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টির (এমএল নিউ লাল যুদ্ধ) খুলনা বিভাগীয় নেতা দিলীপ বিশ্বাস বলে পরিচয় দিয়ে রবিউলের হত্যার দায় স্বীকার করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাত সাড়ে ১১ টার দিকে ‘আসছি’ বলে বাড়ি থেকে বের হয়ে রবিউল আর ফিরে আসেনি।
এদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, পানের বরজ থেকে আলু চুরির দায়ে সপ্তাহ খানেক আগে তাকে জরিমানা করা হয়েছিল। তবে সে সময় রবিউল সালিশের ফলাফল মানেনি। হত্যার মূলে এটিও একটি কারণ হতে পারে।
জেলা পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ জানান, চরমপন্থীদের সঙ্গে যোগাযোগের কারণে প্রতিপক্ষের লোকজন তাকে খুন করে থাকতে পারে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
