চট্টগ্রামে ধ্বংস করা হচ্ছে ৫০ কোটি টাকার অবৈধ মদ ও সিগারেট
চট্টগ্রাম কাস্টমস হাউজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ৫০ কোটি টাকার মদ, বিয়ার ও সিগারেট ধ্বংস কার্যক্রম শুরু করেছে।
পর্যায়ক্রমে এসব মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ মালামাল ধ্বংস করা হবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় হালিশহর এলাকায় বাংলাদেশ রাইফেলসের ফায়ারিং স্কোয়াডের পিছনে সাগর পাড়ে এসব মালামাল বুলডোজার দিয়ে এবং আগুন লাগিয়ে ধ্বংস করা শুরু হয়। এ সময় কাস্টমস কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং যৌথবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্টেট মাসুম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “প্রথমদিন প্রায় ১০ ট্রাক মালামাল ধ্বংস করা হয়েছে। এই কাজ কয়েকদিন ধরে চালবে।”
তিনি জানান, “এসব মালামালের দাম প্রায় ৫০ কোটি টাকা। কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে এসব মালামাল প্রায় ২০ থেকে ২৫ বছর রক্ষিত ছিল। এসবের মধ্যে প্রায় ৪০ কোটি টাকার সিগারেট, সাড়ে নয় কোটি টাকার মদ এবং ২৮ লাখ টাকার বিয়ার রয়েছে।”
