২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন আতঙ্ক, তাড়াহুড়ায় ৪৫ শ্রমিক আহত

বন্দরনগরীর একটি তৈরি পোশাক কারখানায় বুধবার সকালে আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে ৪৫ জন শ্রমিক হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 03:01 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সকাল পৌনে ৮টার দিকে বায়েজিদ বোস্তামি এলাকায় ক্লিফটন গ্রুপের পোশাক কারখানা ক্লিফটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩১ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকালের শিফটে কাজ শুরুর সময় ছয়তলা কারখানা ভবনের চতুর্থ তলার প্যানেল বোর্ডে বৈদ্যুতিক গোলোযোগ দেখা দেয় এবং সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিরাপত্তা কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে। আগুন লেগেছে এমন খবরে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে ৪৫ জন শ্রমিক আহত হন।

আহতদের মধ্যে রিজিয়া (২০), রওশন আরা (১৯), মরিয়ম (১৮), মাহিনুর (২২), নাদিয়া (২১), দিলজাহান (২৪), শামসুন্নাহার, লাইলী (২৬), মোরশেদা (২০) ও মোরশেদ (২১) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মেজর (অব.) আসাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, শ্রমিকরা আতঙ্কিত হয়ে নিচে নামতে গিয়ে এ ঘটনা ঘটেছে। তবে কেউ গুরুতর আহত হননি। নিরাপত্তা কর্মীরা আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার স্বাভাবিক কাজকর্ম আবার শুরু হয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, ছয়তলা ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় ক্লিফটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের কারখানা রয়েছে। এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ তলায় একই গ্রুপের ডিলাক্স ফ্যাশন নামের আরেকটি কারখানা রয়েছে। এ দুটি কারখানাায় প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করে।