২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরের মধ্যে আবারও ভিসানীতি সংশোধন

২০০৬ সালের সংশোধিত ভিসানীতি আবারও সংশোধন করেছে সরকার। বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক সম্পর্কন্নোয়ন, দেশে-বিদেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিল্প ও পর্যটনের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, উন্নত প্রযুক্তি হস্তান্তর এবং শিক্ষা-সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে সরকার এ পদক্ষেপ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 02:38 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

নতুন ভিসানীতি অনুযায়ী, ৩৩টি ক্যাটাগরিতে বুধবার থেকে এই সংশোধিত ভিসানীতি কার্যকর করা হবে। স্বরাষ্ট্রসচিব আব্দুল করিম একথা জানিয়েছেন ।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কার্যালয়ে বুধবার স্বরাষ্ট্রসচিব সাংবাদিকদের আরও জানান, ২০০৬ সালে সংশোধিত ভিসানীতির কারণে বেশ কিছু জটিলতা ও সমস্যা দেখা দেয়। ফলে বিভিন্ন দূতাবাস ও দাতা সংস্থার পক্ষ থেকে এই নীতি পরিবর্তন ও সংশোধনের প্রস্তাব করা হয়। তারপরই ভিসানীতি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ভিসাদান সংক্রান্ত তিনটি ধারাও সংশোধন করা হয়েছে।

আব্দুল করিম জানান, এখন থেকে যেসব বিদেশি ভিসা নিয়ে বাংলাদেশে আসবে তাদের আর ভিসা অফিসে গিয়ে নাম নিবন্ধনের প্রয়োজন পড়বে না। বিমানবন্দরেই তারা নাম নিবন্ধন করতে পারবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রসচিব জানান, সরকারের সঙ্গে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দাতা সংস্থার যে ধরনের চুক্তি আছে, আমন্ত্রিত বিদেশিরা সে অনুযায়ী ভিসা পাবেন।

একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, পর্যটন, শিক্ষা এবং বাংলাদেশী বংশোদ্ভুত অন্য কোনো দেশের পাসপোর্টধারী ব্যক্তির পরিবার বা সন্তানের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা নতুন করে ভিসা নবায়ন করতে পারবেন। তবে সব ক্ষেত্রেই সরকার নিরপত্তার বিষয়টি আগে নিশ্চিত করবে।

অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রসচিব জানান, গার্মেন্টস, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কোন বিদেশি ভিসা নবায়ন ছাড়া অবৈধভাবে বসবাস বা এখানে চাকরি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘‘কোনো দাতা সংস্থার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ থাকলে এবং তদন্তে তা প্রমাণিত হলে সরকার তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে।”

তবে বাংলাদেশে বর্তমানে কতজন বিদেশি অবৈধভাবে বসবাস করছে এ ব্যাপারে স্বরাষ্ট্রসচিব সাংবাদিকদের কোনো তথ্য দিতে পারেননি।