২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজির মামলা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থানায় মঙ্গলবার এ মামলা দায়ের করার ফলে চারটি চাঁদাবাজিসহ মামুনের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 01:32 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

পুলিশের উপ-পরিদর্শক মো. জুলফিকার আলী জানান, মঙ্গলবার বিকেলে মীর জাহের হোসেন নামে একজন ঠিকাদার তিন কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামুনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন।

জুলফিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মীর আক্তার হোসেন লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মীর জাহের হোসেন মামলাটি করেছেন। তিনি অভিযোগ করেছেন, গত সরকারের সময় গিয়াসউদ্দিন আল মামুন নিজেকে বিএনপির প্রভাবশালী ব্যক্তি বলে পরিচয় দিয়ে তিন কোটি টাকা চাঁদা দাবি করেন। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে কামরুজ্জামান, ওবায়দুল্লাহ খন্দকার, মাহবুব, হাবলু চাঁদা না দেওয়ায় তাকে ভয়ভীতি দেখান। পরে তিনি সাথউথইস্ট ব্যাংকের ধানমন্ডি শাখায় ৮৪৩৩৩০৭ নম্বর চেকে ৫০ লাখ টাকা চাঁদা হিসেবে মামুনকে দিয়েছেন।

২৬ মার্চ গ্রেপ্তারের পর অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে একটি চাঁদাবাজির মামলায় এখন আরও পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন গিয়াসউদ্দিন আল মামুন।

ওই দিন মামুনকে তার পুরনো ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একই দিনই ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক আবদুল আউয়াল বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।