ঝালকাঠীতে ঘুষ নেওয়ার সময় শিক্ষা কর্মকর্তা আটক
ঘুষ নেওয়ার সময় কাঁঠালিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা দুলাল কৃষ্ণকে মঙ্গলবার আটক করেছে যৌথবাহিনী।
বেলা সাড়ে ১২ টার সময় কাঁঠালিয়া শিক্ষা অফিস থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার পাটিয়ালগাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমরেশ দাশ বদলির জন্য শিক্ষা কর্মকর্তার কাছে যান। এ সময় দুলাল কৃষ্ণ তার কাছে ১৩’শ টাকা দাবি করেন। এই টাকা নেওয়ার সময় যৌথবাহিনী তাকে হাতে-নাতে আটক করে।
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝালকাঠী সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
ঝালকাঠী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
