চট্টগ্রামে গৃহবধুর মৃতদেহ উদ্ধার
নগরীর বাকলিয়ায় বহুতল ভবনের একটি বাসা থেকে সোমবার রাতে এক গৃহবধুর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রিয়া (২৫) নামে এই গৃহবধুকে কয়েকদিন আগে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। তার স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাইরে থেকে তালা বন্ধ করে পালিয়ে গেছে বলে বাকলিয়া থানা পুলিশ ধারণা করছে।
বাকলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই শিখা রাণী জানান, এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ চান্দগাঁও আবাসিক এলাকা থেকে নিহত প্রিয়ার দেবর মো. আলমগীরকে গ্রেপ্তার করেছে।
বাকলিয়ার কালা মিয়া বাজারের মিম হাউস নামের এই ভবনের চার তলা থেকে পুলিশ সোমবার রাতে এই লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, গত দুইদিন ধরে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে সোমবার বাসার তালা ভেঙ্গে প্রায় গলিত এই মরদেহটি উদ্ধার করা হয়। মাসখানেক আগে জবেদ জাহাঙ্গীর নামে এক ব্যক্তি প্রিয়াকে তাঁর স্ত্রী পরিচয় দিয়ে এ বাসা ভাড়া নেন। খাতুনগঞ্জের একটি প্রতিষ্ঠানে জাবেদ চাকরি বলে জানা গেছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রিয়াকে। জাবেদ ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
তিনি জানান, জাবেদকে আটক করার চেষ্টা চলছে। তাকে ধরা গেলে এই হত্যার রহস্য উন্মোচিত হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
