বিনিয়োগ বোর্ডের সহকারী পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
বিনিয়োগ বোর্ডের সহকারি পরিচালক এসএম আহসান হাবীবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তেজগাঁও থানার এসআই জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, সোমবার সন্ধ্যায় দুদকের সহকারী পরিচালক মো. শামসুল আলম বাদী হয়ে বিনিয়োগ বোর্ডের ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, বেনসন অ্যান্ড হেজেস ও ফাইভ ফিফটি ফাইভ সিগারেটের পুনঃরপ্তানি অনুমোদন করে দেওয়ার কথা বলে আহসান হাবীব মেসার্স মুন্নী অ্যান্ড মন্টি ট্রেডার্সের স্বত্বাধিকারী চৌধুরী আফজাল হোসেনের কাছ থেকে ৯৩ লাখ ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন।
