জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব সম্পর্কে দুই উপদেষ্টার ভিন্ন মত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে দুই উপদেষ্টা-এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এবং তপন চৌধুরী-ভিন্ন মত পোষণ করেছেন।
জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, এই মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পরিবহন খরচ বৃদ্ধি পাবে।
অর্থ উপদেষ্টা আজিজুল ইসলাম বলেছেন, এটা ভোক্তাদের উপরে তেমন কোনো প্রভাব ফেলবে না।
অর্থ উপদেষ্টা সোমবার সাংবাদিকদের বলেন, “সয়াবিন তেল ব্যতীত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল আছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধি মূল্য স্ফিতিতে তেমন কোন প্রভাব ফেলবে বলে মনে হয় না।”
একই বিষয়ে উপদেষ্টা তপন চৌধুরী বলেন, “মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পরিবহন খরচ কিছুটা হলেও বৃদ্ধি পাবে।”
তিনি বলেন, “তবে এটি যেন অসহনীয় পর্যায়ে না যায় তা নিশ্চিত করবে সরকার।”
তবে দুই উপদেষ্টাই দাবি করেন, এই মূল্যবৃদ্ধি কৃষকের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। কেননা বর্তমান ইরি, বোরো মৌসুমের চাষাবাদ শেষ পর্যায়ে আছে।
সরকার ২ এপ্রিল ২০০৭ থেকে দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে। ডিজেল ও কেরোসিনের দাম ৩৩ টাকা থেকে ৪০ টাকা, অকটেনের দাম ৫৮ থেকে ৬৭ এবং পেট্রোলের দাম ৫৬ থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে।
জ্বালানি উপদেষ্টা বলেন, “বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আমদানি মূল্যের চেয়ে অনেক কম দামে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেল বিক্রি করছে বলে প্রতি বছর বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। বর্তমানে বিপিসিকে আমদানি করা ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি যথাক্রমে ১০ ও ৯ টাকা লোকসান দিতে হচ্ছে। তারপরও বিপিসি দেশি/বিদেশি ব্যাংক ও আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে ঋণ নিয়ে জ্বালানি তেল আমদানি করছে।”
তপন চৌধুরী জানান, বর্তমানে বিপিসির ঋণের পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। তাই জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে এর দাম বাড়ানো অপরিহার্য হয়ে পড়ে।
অর্থ উপদেষ্টা বলেন, “গরিব ভোক্তা এবং চাষীরা যাতে এই মূল্যবৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বর্তমান সরকার আগামী বাজেটে তাদের জন্য বিশেষ ব্যবস্থার চেষ্টা করছে।”
