দুটি ফৌজদারি মামলায় এম কে আনোয়ারের আগাম জামিন
ফৌজদারি দুটি মামলায় আগাম জামিন পেলেন সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ারসহ ২৩ জন বিএনপি নেতাকর্মী।
সোমবার হাইকোর্ট তাদের তিন মাসের জন্য আগাম জামিন মঞ্জুর করে। একই সঙ্গে মামলা দুটিতে তাদের জামিন মঞ্জুর করা হবে না কেন তার কারণ দেখাতে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি মোঃ আলী আসগর খান ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এম কে আনোয়ারসহ ২৩ জনের দায়ের করা আগাম জামিনের পরিপ্রেক্ষিতে এই রায় প্রদান করেন।
জামিন আবেদনে বলা হয়েছে, গত ১৯ মার্চ কুমিল্লার হোমনা থানায় এম কে আনোয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে জীবননাশের হুমকির অভিযোগ এনে পৃথক দুটি মামলা দায়ের করেন আবদুস সাত্তার ও মোঃ মোস্তফা নামে স্থানীয় দুই বাসিন্দা।
২০০৫ সালের ১ অক্টোবর এবং গত ১ জানুয়ারি তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে মামলার অভিযোগে বলা হয়।
এম কে আনোয়ারসহ ২৩ নেতাকর্মীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
