২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় চাঁদাবাজির তৃতীয় মামলা

তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ৫৩ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 02:13 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এই নিয়ে গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে তিনটি চাঁদাবাজির মামলাসহ চারটি মামলা দায়ের হলো।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার সাব ইন্সপেক্টর আমীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নওগাঁর এক ব্যবসায়ী মোঃ জাহিদ রোববার দুপুর দুইটায় মামুনসহ আটজনকে আসামী করে মামলা দায়ের করেন।

আমীর হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা খুঁজে পেয়েছেন তিনি। তিনটি চেকের মাধ্যমে ৫৩ লাখ টাকা চাঁদা নেওয়া হয়। ওই তিনটি চেকের অনুলিপি তিনি দেখেছেন বলে আমীর হোসেন জানান।

তদন্ত কর্মকর্তা আরও জানান, এই মামলায় মামুনকে রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন জানাবেন তিনি।

২৬ মার্চ গ্রেপ্তারের পর অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে একটি চাঁদাবাজির মামলায় এখন আরও পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন গিয়াসউদ্দিন আল মামুন।

পঞ্চগড়ের মার্শাল ডিস্টিলারিজের মালিক হারুন ফেরদৌসী ৮১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ২৭ মার্চ গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয় তারেক রহমান, গিয়াস উদ্দিন আল মামুন, খাম্বা লিমিটেডের বাবুল কাজী, ওয়ান কম্পোজিট মিলসের পরিচালক এনামুল হক মামনী এবং রহমান নেভিগেশনের ম্যানেজার গিয়াসউদ্দিন কাইয়ুমকে।

একই দিন গুলশানের রেজা কনস্ট্রাকশনের মালিক মো. আফতাবউদ্দিন ১ কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামুন, ও বিএনপির সাবেক সাংসদ খায়রুল কবির খোকন, ওবায়দুল কাদের সোহেল, মামুনের একান্ত সচিব কামরুজ্জামান, মাহবুব, হাবলু এবং মোটা তারেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামুনকে ২৬ মার্চ তার পুরনো ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই ক্যান্টনমেন্ট থানার সাব ইনসপেক্টর আবদুল আউয়াল বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।