এক সচিব ওএসডি, চার অতিরিক্ত সচিবকে বদলি
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এসএম জহরুল ইসলামকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে চার অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। এদের দুজনকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওএসডি থেকে পদায়ন করা হয়েছে একজনকে।
ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়ে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (অতিরিক্ত সচিব) শেখ আলতাফ আলীকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে এবং বিসিআইসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এএসএম রাশিদুল হাইকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ওএসডি অতিরিক্ত সচিব জামিল ওসমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোখলেসুর রহমানকে বিসিআইসির চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় শনিবার রাতে এসব আদেশ জারি করে।
